From the Head Of Institution Desk

প্রধান শিক্ষকের বক্তব্য

১৯৮৪ সালে এই বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও কর্মরত শিক্ষকমণ্ডলীর নিরলস ও একান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি অগ্রগতির পথে এগিয়ে চলে। ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এটি একটি বেসরকারি অনানুমোদিত বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়। দীর্ঘ আন্দোলন ও প্রচেষ্টার ফলস্বরূপ ২০০১ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ের অনুমোদন লাভ করে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের মর্যাদা অর্জন করে। ১৯৮৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ সালে বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুল থেকে পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে উন্নীত হয়। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ছিল ৬ জন এবং শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৪ জন। প্রতিষ্ঠার সময় পরিচালন সমিতির সভাপতি ছিলেন সুভাষ চন্দ্র পাল এবং সম্পাদক ছিলেন বিশিষ্ট সমাজসেবী মজিবর রহমান মণ্ডল মহাশয়। ২০০৫ সালে প্রথমবার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৮ ও ২০১১ সালেও পুনরায় নির্বাচন সম্পন্ন হয়। ২০১০ সালে বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উচ্চবিদ্যালয়ে উন্নীত হয়। ২০১২ সালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। ২০১৭ ও ২০১৮ সালে আমাদের ছাত্রছাত্রীরা (নিয়মিত) ৯০% সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। বিদ্যালয়টিকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে এবং দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে কলা ও বিজ্ঞান বিভাগের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে আমরা সদা সচেষ্ট। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও উন্নত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ।

আবুল কালাম শেখ

ভারপ্রাপ্ত শিক্ষক