History

খাগড়াবাজার প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা শুরু হয় ১৯৫৪ সালে। খাগড়া গ্রামের মানুষ বুঝেছিলেন শিক্ষার গুরুত্ব। তাই স্বাধীনতার পরবর্তী কয়েক বছরের মধ্যেই গ্রামের বাসিন্দারা স্থাপন করে ছিলেন এই বিদ্যালয়। গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে, বলা যায় নিজেদের হাতে প্রথম তৈরী করেছিলেন মাটির বিদ্যালয়ের গৃহ। এর জন্য জমি দান করেছিলেন উদারপ্রানা স্বর্গীয়া সীতা রানী ঘোষ মহাশয়া। এই বিদ্যালয়ের গৃহটি পরে পাকা বাড়িতে রূপান্তরিত হয়। বিদ্যালয়ের পাশেই পানাগড় মোড়গ্রাম ১৪ নং রাজ্যসড়ক - বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ও যানবহুল রাস্তা। কখন কি বিপদ ঘটে এটা ভেবে গ্রামবাসীগণ নিজেদের ছেলেমেয়েদের নিরাপত্তাহীনতা বোধ করেন। প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিপদ রুইদাস প্রথম পরামর্শ দেন বিদ্যালয়টি স্থানান্তরের। পরবর্তীতে গ্রামবাসীদের সম্মতিতে, গ্রামের গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাইত রোজা পরিবারের সদস্যগন গৌরাঙ্গ মহাপ্রভুর জমি থেকে গ্রামের অপর প্রান্তে ১ বিঘা জমি দান করেন। সেই জমিতে বর্তমানে ব্যবহৃত বিদ্যালয় গৃহটি তৈরি হয় ২০১০ সালে।