
" অসতো মা সদ্ গময়
তমসো মা জ্যোতির্গময় "
উপনিষদের উপরোক্ত বাণীকে স্মরণ ক'রে প্রত্যেক শিশুকে অশিক্ষার অন্ধকার থেকে শিক্ষার আলোকে নিয়ে আসার জন্য, সেই আলোর স্পর্শে শিশুর উজ্জ্বল ভবিষ্যত গড়ে তাকে একজন দায়িত্বশীল সুনাগরিক হিসেবে প্রস্তুত করার সংকল্প নিয়ে ১৯৬৫ সালের ২রা জানুয়ারী অশোকনগরে প্রজ্ঞানানন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত করেন বিপ্লবী সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর সুযোগ্য শিষ্য এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অরুণ চন্দ্র গুহ মহাশয়।ঐ বছর-ই ১১ই মার্চ বিদ্যালয় ভবনের দ্বার উদ্ঘাটন হয়। এই শিক্ষাসদনে শিশুদের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত বিকাশের দিকে লক্ষ্য রেখে পঠন পাঠনের সঙ্গে ছবি আঁকা, গল্প বলা, হাতের কাজ, খেলাধূলা শেখানো হত, এছারা শৃঙ্খলা পালন ও পরিচ্ছন্নতা বোধের দিকেও বিশেষ নজর দেওয়া হত।
স্বামী প্রজ্ঞানানন্দর আদর্শে অনুপ্রাণিত এই বিদ্যালয়টি প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার কাছে পবিত্র মন্দিরস্বরূপ। অনন্য প্রার্থনা সভা, সাহিত্য সভা, মনীষীদের জন্মদিন পালন, তাঁদের বাণীপাঠ বিভিন্ন উৎসব পালন, ক্রীড়া প্রতিযোগিতা, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি অতীত থেকে বর্তমানের শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন।
বিদ্যালয়ের অতীত গৌরবময়, বর্তমান প্রতিশ্রুতিপূর্ণ। ভবিষ্যত আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক - এই কামনা ।।।।।।।