History

এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯১৪ সালে। স্বর্গীয় কালিদাস দত্ত  মহাশয় তাঁর নিজের বাড়ীতে সাঁইপালা গ্রামের শিশুদের নিয়ে একটি টোল চালু করেন। দত্তদের দুর্গাদালানে এই টোলটি চালু ছিল। সুদীর্ঘ বছর চালু থাকার পর বর্তমান বিদ্যালয়ে গৃহের পাশে দত্তদের আরও একটা বড় বাড়িতে স্থানান্তারিত হয় । ততদিন সাঁইপালা প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ হয়েছে এবং সরকারী স্বীকৃতি লাভ করেছে। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক প্রয়াত কার্ত্তিকচন্দ্র পাল এর কার্যকালের সময় থেকেই এই বিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তিকালে তাঁরই হাতধরে বর্তমান শিক্ষাঙ্গনের নতুন বাড়িতে স্থানান্তারিত হয়। নতুনবাড়ি বলতে গোলপাতার ছাউনি এবং গড়ান কাঠের ঘেরা। তিনি অবসর নেবার পর তাঁর স্থানাভিষিক্ত হন পঙ্কজ কুমার মিত্র মহাশয়। তাঁর প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা বিস্তারের পাশাপাশি বিদ্যালয় গৃহেরও পরিবর্তন ঘটে। প্রয়াত কালীদাস দত্তের সুযোগ্য পুত্র প্রয়াত প্রভাত কুমার দত্তের উদ্দোগে গড়ান কাঠের পরিবর্তে ইঁটের দেওয়াল ও টালির ছাউনি দেওয়া নতুন গৃহ গড়ে ওঠে। বেশ কয়েকবছর চলার পর স্বর্গীয় রনজিত কুমার বসুর বর্তমান বিদ্যালয় গৃহের দ্বিতলভবন নির্মান করেন একক প্রচেষ্টায়  যা আমাদের আজও গর্বের ভবন । এই বিদ্যালয়ের আর এক প্রধান শিক্ষক সদ্য অবসরপ্রাপ্ত শেখর পালিত মহাশয়, যার প্রশাসনিক দক্ষতা ও নিষ্ঠা বিদ্যালয়ের খ্যাতি ও সুনামকে এক অন্য পর্যায়ে নিয়ে যায়।সাঁইপালা প্রাথমিক বিদ্যালয় হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগণা তথা পশ্চিমবঙ্গের অন্যতম সেরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।২০১৪ সালে বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করে। আজও বিদ্যালয় এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন সৈকত রায় মহাশয়।