
বসিরহাট বাজার প্রাথমিক বিদ্যালয়
বসিরহাট পূর্ব চক্র
সংক্ষিপ্ত ইতিহাস
সেই ব্রিটিশ আমলের সময় থেকে বসিরহাট বাজার প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা শুরু, সালটা ১৯৩০ সালের ৪ ঠা এপ্রিল,বসিরহাট পুরাতন বাজার সংলগ্ন হাটের ভিতরে স্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে মাটির একচালা ছোট্ট ঘরে বিদ্যালয়ের সূত্রপাত। স্থানীয়দের এই উদ্যোগে সাড়া দিয়ে প্রচুর ছাত্রের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পরবর্তীতে সরকারী সাহায্য পেয়ে বিদ্যালয় ক্রমশ আরও অগ্রসর হতে থাকলো। স্বাধীনতার অব্যবহিত পরেই বিদ্যালয় স্থান পরিবর্তন করে মার্টিন রোড সংলগ্ন ৭২ নম্বর বাস স্ট্যান্ড নিকটস্থ অঞ্চলে রাস্তার উপরেই স্থানান্তরিত হলো। তখন ছিল খড়ের চাল ও দর্মার বেড়া। তা সত্বেও ছাত্র ছাত্রীর উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত। ১৯৭০ এর দশকের পরবর্তীতে বিদ্যালয় পাকা বাড়ি পেলো এবং সরকারী অনুদান আরো বৃদ্ধি পেল, ছাত্র ছাত্রীর সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকলো। বিদ্যালয় ক্রমশ গুণী মানুষদের সান্নিধ্যে মহীরুহে পরিণত হয়ে তার শাখা প্রশাখা বিস্তার লাভ করতে থাকলো। ২০০৯ সালে বিদ্যালয় দ্বিতল বাড়ি পেলো এবং তার রূপ পরিমার্জন হয়ে বর্তমান শিক্ষা ব্যাবস্থার উপযোগী হয়ে উঠলো।বর্তমানে বিদ্যালয়ে শ্রেণী কক্ষের সংখ্যা ৩ টি ও ছাত্র ও ছাত্রীর পৃথক শৌচাগার এর সংখ্যা ৪ টি। মিড ডে মিল সহ সমস্ত প্রকার সরকারী সুযোগ সুবিধা বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে।২০১৮ সালে এই বিদ্যালয় থেকেই বৃত্তি লাভ করে বিদ্যালয়ের মেধাবী ছাত্র শ্রী সুস্মিত মণ্ডল।বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অত্যন্ত আন্তরিকতার সাথে সবসময় ছাত্র ছাত্রীদের পাশে আছেন।আমরা এই বিদ্যালয়ের অতীত স্বর্ণযুগ এর ধারা এগিয়ে নিয়ে যেতে সবসময় বদ্ধ পরিকর।