
হুগলি জেলার একেবারে উত্তরপ্রান্তে পূর্ব বর্ধমান জেলা সংলগ্ন একটি বর্ধিষ্ণু কিন্তু ছোট গ্রাম ষষ্ঠীপুর । তখনকার দিনে আরো অনেক গ্রামের মতো গ্রামবাসীদের শিক্ষার প্রতি আগ্রহ ও শ্রদ্ধা থাকলেও গ্রামে কোন শিক্ষা কেন্দ্র ছিল না । গ্রামের আগ্রহী অভিভাবকগণ তাদের ছেলেমেয়েদের পাঠাতেন দূরবর্তী কোনো না কোনো পাঠশালায়। এই অবস্থায় গ্রামের ছেলে মেয়েরা যাতে গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে সর্বজন শ্রদ্ধেয় মহিপতি চৌধুরী মহাশয় 1941 সালে নিজ উদ্যোগে রাস্তার পাশে চৌধুরী পরিবারের একটি বাড়িতে গড়ে তুললেন এক পাঠশালা এবং তিনি হলেন এই পাঠশালার গুরুমশাই । স্বাধীনতার পর 1948 সালে যখন প্রাথমিক শিক্ষার বিকাশ কল্পে গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সরকারি নীতি গৃহীত হল তখন এই পাঠশালাটি উন্নীত হল স্কুল বোর্ডের অনুমোদন প্রাপ্ত ষষ্ঠীপুর প্রাথমিক বিদ্যালয় নামে । (অনুমোদনের তারিখ 1.3.1948) এবং মহিপতি চৌধুরী মহাশয় হলেন এই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক এবং প্রথম প্রধান শিক্ষক । সময় এগিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বিদ্যালয় ভবনের ও শিক্ষকমন্ডলীর । গ্রামবাসীদের সহযোগিতা ও প্রধান শিক্ষক মহাশয়দের প্রচেষ্টা ও সদিচ্ছা সর্বোপরি সর্বশিক্ষা মিশনের কর্মসূচি ও সেই সমস্ত কর্মসূচি সফল করার জন্য মঞ্জুর করা অর্থ বিদ্যালয়কে আজকের এই স্থানে নিয়ে এসেছে । বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শ্যামসুন্দর ঘোষ মহাশয় 2006 সাল হইতে এই বিদ্যালয়ের দায়িত্বভার পালন করছেন এবং তার প্রচেষ্টা ও সহকারি শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের প্রতি আনুগত্য ও দায়বদ্ধতা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যালয় কে বর্তমানে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ।