History

পূর্ব কেশবপুর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ইতিহাস

          হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত মুন্ডেশ্বরী নদীর পূর্বপাড়ে পূর্ব কেশবপুর গ্রামের কু্ঁতি পাড়ায় শিক্ষার অগ্রগতির জন্য, জীবন যাত্রার মান উন্নয়নের জন্য, প্রতিটি স্তরে শিক্ষাকে পৌঁছে দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তি ও উৎসাহী যুবক মিলে শ্রীযুক্ত পাঁচুগোপাল কু্ঁতি মহাশয় এর সদর বাড়িতে 1958 খ্রিস্টাব্দে 16 জন কচিকাঁচা কে নিয়ে এই বিদ্যালয়ের শুভ সূচনা করেন । উৎসাহী যুবক-যুবতীদের উদ্যম দেখে পাঁচুগোপাল মহাশয় 30 শতক জমি দান করেন এবং ওই জমির ওপর ঝিটেবেড়া ও খড়ের ছাউনি দিয়ে বিদ্যালয় গড়ে ওঠে । গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের অদম্য চেষ্টায় স্কুল শিক্ষা দপ্তরে অনুমোদনের জন্য দরবার শুরু হয় । বিদ্যালয় শিক্ষা দপ্তর 1960 খ্রিস্টাব্দে 25 শে আগস্ট বিদ্যালয়টিকে সরকারি অনুমোদন দেন এবং বিদ্যালয়টির নামকরণ হয় কেশবপুর মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয় নামে । বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে দুই জন শিক্ষকের পদ অনুমোদন করেন । একজন জগবন্ধু শাসমল প্রধান শিক্ষক ও অপরজন রামপদ জানা মহাশয় সহকারী শিক্ষকের দায়িত্ব পান । এবং পরে 1964 খ্রিস্টাব্দে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে পূর্ব কেশবপুর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় নামে নামকরণ হয়  । সময় এগিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বিদ্যালয় ভবনের ও শিক্ষকমন্ডলীর গ্রামবাসীদের সহযোগিতায় প্রধান শিক্ষক মহাশয় দের প্রচেষ্টা ও সদিচ্ছা সর্বোপরি সর্বশিক্ষা মিশনের কর্মসূচি ও সেই সমস্ত কর্মসূচি সফল করার জন্য মঞ্জুর করা অর্থ বিদ্যালয়কে আজকের অবস্থায় নিয়ে এসেছে । বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কুমারেশ ঘোষ মহাশয় 2000 সাল হইতে এই বিদ্যালয়ের দায়িত্বভার পালন করছেন এবং তার প্রচেষ্টা ও সহকারি শিক্ষক শিক্ষিকাদের প্রতি আনুগত্য ও দায়বদ্ধতা ছাত্র ছাত্রী ও শিক্ষকের মধ্যে সুসম্পর্ক বিদ্যালয় কে বর্তমানে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ।