
প্রখ্যাত বােটানিক্যাল গার্ডেনের মূল ফটকের পাশে কোলে বাজার সংলগ্ন শিবপুর যশােদাময়ী বিদ্যালয় (উঃমাঃ) এর অনতিদূরে কলহাস্যময়ী কলুষনাশিনী গঙ্গা প্রবহমান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ডাঃ শচীন্দ্রনাথ সাহানার নিরলস প্রয়াস ও উদারপ্রাণা যশােদাময়ী দেবীর অকৃপণ হস্তে ভূমিদানের ফলে বহু সংগ্রামের মধ্য দিয়ে ১৯৬১ সালের ১৫ই ফেব্রুয়ারী ভূমিষ্ঠ হয় আমাদের বিদ্যালয়। পরবর্তীকালে স্থানীয় বহু শিক্ষানুরাগী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, বিধায়ক ও সাংসদদের সহায়তায় ধাপে ধাপে বিদ্যালয়ের ক্রমােন্নতি ঘটেছে। মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শুরু হলেও পরবর্তী সময়ে সবার ঐকান্তিক প্রয়াসে আমাদের বিদ্যালয় শুধু উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতি হয়েছে তাই নয়, উচ্চ মাধ্যমিক স্তরে কলাবিভাগ, বামিজ্য বিভাগ ও বিজ্ঞান বিভাগের পঠন পাঠন চালু হয়েছে ২০০৫ সাল থেকে। বহু বাধা-বিপত্তি অতিক্রম করে ২০১২ সালে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ষ পালন হয়, মহা সমারোহে। এ আমাদের কাছে গর্বের বিষয়। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা সহায়ক কর্মীবৃন্দ ও স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিদের সহায়তায় বিদ্যালয়ের দুস্থ শিক্ষার্থীদের মেধা পুরস্কার দেওয়া হয়। বিদ্যালয়ের পাঠাগার থেকে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্য সহায়ক পুস্তক ও অন্যান্য জ্ঞানমূলক পুস্তক আমরা দিয়ে থাকি। উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। বিদ্যালয়ে আছে ছয়টি ল্যাবরেটরি, পর্যাপ্ত খেলার সরঞ্জাম ও বিশেষ শিখন সামগ্রী, যা ছাত্র ও ছাত্রীরা নিয়মিত ব্যবহার করে থাকে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটিয়ে আগামীদিনে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তােলাই আমাদের প্রধান লক্ষ।
সকল ছাত্র- ছাত্রী, অভিভাবক, প্রাক্তনী, শিক্ষক , শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শুভানুধ্যায়ীদের মূল্যমান অবদান আমাদের আরো বহুদূর এগিয়ে দেবে , সেই বিশ্বাস আমাদের আছে।