History

দক্ষিন ২৪ পরগণা জেলার সুপ্রাচীন বিদ্যালয়ের গৌরববহনকারী বিদ্যালয় হিসাবে বহড়ু হাইস্কুল ১৮৫৬ সালের ২৮শে জানুয়ারী স্থাপিত হয়। বহড়ু গ্রামের তৎকালীন জমিদার শীনাথ বসু মহশয়, শ্রী হরনাথ ভঞ্জ ও বিদ্যানুরাগী শ্রী নীলকান্ত চ্যাটার্জী মহাশয়ের ঐকান্তিক সহযোগীতায় বহড়ু গ্রামের দক্ষিণাংশে অবস্থিত দুর্গাপুর গ্রামে ভঞ্জ পরিবারর জমিদারীর কাছরী বাড়ীতে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যদিও সেই সময় এই বিদ্যালয়ের নাম ছিল "The Baharu High English school." পরবর্তীকালে বিদ্যালয় শ্রীনাথ বসু মহাশয়ের উদ্যানবাড়ী "শ্রীবাগান"-এ স্থানান্তরিত হয়। আরও পরে বিদ্যালয় স্থানান্তরিত হয়ে শ্রীনাথ বসু মহাশয়ের বাড়ীর বহির্মহলে চলে আসে। দীর্ঘকাল এখানে চলার পর ময়দ নিবাসী শ্রী সুবোধ গোপাল বসু মহাশয়ের আর্থিক আনুকূল্যে বর্তমান বিদ্যালয় সম্মুখস্থ ভবনের নিচের অংশটি নির্মিত হয় এবং ১৯৫৪ সালের ১৮ ই এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী পান্নালাল বসু মহাশয় এই ভবনের দ্বারোদ্ঘাটন করেন।

১৮৫৯ সালে তৎকালীন Director of Public Instruction, Bengal, মিঃ হেনরী উড্রো সমগ্র ইস্টবেঙ্গলে অনুমোদন প্রাপ্ত ৩৬টি অ্যাংলো ভার্নাকুলার বিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে ৮টির মধ্যে বহড়ু হাইস্কুলকে নির্বাচিত করেছিলেন। Mr.Woodrow in 1859--"among the 36 aided anglo vernacular schools in East Bengal, Baharu ranks among the first eight."  সেইসঙ্গে আর্থিক অনুদান সহ একটি সূর্যঘড়ি নির্মনের জন্য অর্থ সাহায্য করেন। এরপর ১৮৮৪ সালে বিদ্যালয়ের আর্থিক উন্নয়নকল্পে সেই সময় প্রেসিডেন্সি সার্কেলের বিদ্যালয় পরিদর্শক মিঃ সি বি ক্লার্কের সহৃদয়তায় বিদ্যালয় মাসিক ৭০ টাকা অনুদান প্রাপ্ত হয়। বিদ্যালয়ের জন্মকাল থেকেই দক্ষ ও সযোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দ্বারা পরিচালিত হয়ে বিদ্যালয় বছরের পর বছর বহু কৃতি ছাত্র তৈরী করে চলেছে। ১৮৬৬ সালে বিশিষ্ট মনীষী ভাষাচার্য হরিনাথ দে-র পিতা শ্রী ভূতনাথ দে মহাশয় এই বিদ্যালয় থেকে Entrance পরীক্ষা উত্তীর্ণ হন। ১৮৭৬ সালে ডাঃ নীলরতন সরকার এই বিদ্যালয় থেকে Entrance পরীক্ষা দেন এবং পাশ করেন। বিখ্যাত সুরকার ও গায়ক শ্রী হেমন্ত মুখোপাধ্যায়, কবি শ্রী শক্তি চট্টোপাধ্যায় ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র। এছাড়া বহু কৃতি ছাত্র এই বিদ্যালয় থেকে বেরিয়ে দেশে ও বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন।

বহুমুখী এই বিদ্যালয়, বিদ্যালয়ের সু-বিশাল খেলার মাঠ , সমস্ত কিছু মিলে এই বিদ্যালয় এই অঞ্চলের , জয়নগর থানার তথা জেলার একটি আদর্শ বিদ্যালয় হিসাবে খ্যাতি অর্জন করেছে।