দ্বারবাসিনী কুমার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয় –শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়টি স্থানীয শিক্ষাবিদ ,শিক্ষানুরাগী ও শিক্ষামনস্ক শ্রী কুমার রাজেন্দ্র মহাশয়ের নামাঙ্কিত। ১৮৫৬ সনে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় । স্বাধীনতার নয় দশক পূর্বে এই বিদ্যালয়টির প্রতিষ্ঠা যথেষ্ট তাত্পর্যপূর্ণ। এটি সহজেই অনুমেয় যে, এই প্রাচীন বর্ধিষ্ণু অঞ্চলটিতে বসবাসকারী শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা স্থানীয় মানুষদের উন্নতিকল্পে কতটা সচেষ্ট ছিলেন। এইজন্য প্রথমেই সেই সময়ের শিক্ষানুরাগী মানুষদের সশ্রদ্ধ প্রণাম ও ধন্যবাদ জ্ঞাপন করি ।
আমাদের বিদ্যালয়ের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অভিজ্ঞতা ও নবীনতার এক অপূর্ব মেলবন্ধন । বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত স্নেহপ্রবন ও আন্তরিক সহযোগিতাপূর্ণ মনোভাবসম্পন্ন।
বিদ্যালয়ের পাঠদান ও মূল্যায়ণপদ্ধতি সরকারী নিয়মানুসারে পালন করা হয়। এর পাশাপাশি পিছিয়েপড়া ছাত্র-ছাত্রীদের জন্য সরকারী নিয়মানুযায়ী Remedial Teaching ও Learning এর ব্যবস্থা আছে । বিদ্যালয়ে CAL(Computer Aided Learning), K-Yan এর সহায়তায় শিক্ষাদান করা হয় । অভিভাবকদের সহিত নিয়মিত ‘Parent-Teacher Meeting’ এর মাধ্যমে নিবিড় যোগাযোগ স্থাপিত হয় এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি-দুর্বলতা বিষয়ে আলোচনা হয় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ‘Mid-Day Meal’ এর প্রয়োজনীয় শাকসব্জি উত্পাদনের জন্য বিদ্যালয়ে ‘Kitchen Garden’ আছে। ‘Mid-Day Meal’ এর ব্যবস্থা খুব পরিকল্পিত ও যত্নসহকারে পালন করা হয়। সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ যথেষ্ট আন্তরিকতার সহিত এই দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ সঠিকভাবে পরিচালনার জন্য সুসজ্জিত গবেষণাগার রয়েছে।পঠন-পাঠনে বিজ্ঞান বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং ছাত্র-ছাত্রীরা রাজ্য ও জাতীয়স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনামবৃদ্ধি করছে।
বিদ্যালয়ের আর একটি বৈশিষ্ট্য হল এই বিদ্যালয়ে বিপুল পুস্তক-সমন্বিত গ্রন্থাগার আছে। Reading Card, Lending Card এর মাধ্যমে নির্দিষ্ট দিনে,নির্ধারিত সময়সূচীতে ছাত্র-ছাত্রীরা এই বইগুলির সান্নিধ্য পায়।
বিদ্যালয়ে খেলাধূলা বিষয়টির উপর সমান গুরুত্ব আরোপ করা হয়েছে। বিভিন্ন খেলাধূলাতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্লক,জেলা ও রাজ্যস্তরে পারদর্শিতার মাধ্যমে সুনাম অর্জন করছে।এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরে।প্রসঙ্গত,ছাত্র-ছাত্রীরা সঙ্গীত,নৃত্য,আবৃত্তি,মূকাভিনয়,বাদ্যযন্ত্র পরিবেশন ও নাটিকায় অংশগ্রহণ করে নিজ নিজ প্রতিভাকে উজ্জীবিত করে। বিদ্যালয়ের পালনীয় দিনগুলি প্রভাতফেরী, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে খুব সাফল্যের সহিত পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান হয়ে আমি খুব আশাবাদী যে আগামীদিনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের এবং সকল এলাকাবাসীর সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের আরো শ্রীবৃদ্ধি হবে ও আমাদের বিদ্যালয় দেশের যোগ্য উত্তরসূরী নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৌশিক চক্রবর্তী
প্রধানশিক্ষক
দ্বারবাসিনী কুমার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়(উ:মা:)
দ্বারবাসিনী,হুগলী