“ কামিনীরা পুরুষের অপেক্ষায় কোনো অংশে ন্যূন্য নহে ; বরং স্থিরতা ও ধৈর্য্যৈ প্রভৃতি গুনে শ্রেষ্ঠা হতে পারে। “………(ঈশ্বর চন্দ্র গুপ্ত)।
কবির এই উপলব্ধি আমাদের সুলতানপুর প্রনবানন্দ অবধূত মিশন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বৈব সত্য। স্বাধীনোত্তর ভারতবর্ষে শিক্ষার প্রসারে অনেক জ্ঞানী-গুণীজনেরা এগিয়ে এসেছিলেন । স্বাধীনতা সংগ্রামী মাতাজী করুণাময়ী অবধূত ছিলেন এ রকমই একজন মহীয়সী নারী । তিনি এগিয়ে এসেছিলেন শিক্ষার প্রসারে । তাইতো তিনি, হুগলি জেলার শেষ প্রান্তে, বর্ধমান জেলা লাগোয়া, ভাগীরথীর পশ্চিম তীরে, সুলতানপুরের দরীদ্র , তপশিলী জাতি-উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার প্রসারে ১৯৬৩ সালে ছেলে-মেয়েদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্যে “ প্রনবানন্দ অবধূত মিশন নিম্ন বুনিয়াদী ” নামে একটি বিদ্যালয় স্থাপন করেন । এর ঠিক এক বছরের মধ্যে ১৯৬৪ সালে “সুলতানপুর প্রনবানন্দ অবধূত বয়েজ জুনিয়র হাই স্কুল” ও “পাঠমহল নিত্য প্রনবানন্দ মঠ গার্লস জুনিয়র হাই স্কুল “ নামে দুটি স্কুল স্থাপন করেন। আমাদের “সুলতানপুর প্রনবানন্দ অবধূত মিশন বয়েজ জুনিয়র হাইস্কুলটি ১৯৭১ সালের ১ লা জানুয়ারি “ সুলতানপুর প্রনবানন্দ অবধূত মিশন উচ্চ বিদ্যালয়ের” সরকারি স্বীকৃতি পায় । আর সেই থেকেই আমাদের বিদ্যালয়টি সার্বিক শিক্ষার প্রসারক হিসেবে কাজ করে চলেছে ।
প্রথামাফিক পুঁথিগত শিক্ষার বাইরে আমাদের বিদ্যালয়ের ছেলেদের কম্পিউটার শিক্ষা , NCC এর মাধ্যমে সামরিক কলাকৌশলের রীতিনীতি, হাতে-কলমে শিক্ষা ও নিয়মিত খেলাধুলার মাধ্যমে ছাত্রদের সামগ্রিক শিক্ষার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে ।
বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা , শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সকলেই আমরা গতিতে বিশ্বাসী । ছাত্রদের নিয়ম-শৃঙ্খলা , গুণগত মানোন্নয়ন , সার্বিক শিক্ষায় শিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য । সাথে সাথে ছাত্রদের অর্থনৈতিক ও সামাজিক স্বনির্ভরতা দান , বিজ্ঞানমনস্ক করা , কুসংস্কার মুক্ত , সমাজ সচেতন , উন্নত জীবন ও মনের অধিকারী রূপে গড়ে তোলাই আমাদের অভিপ্রায় ।
বিগত ২০১৮ সালের ১ লা মার্চ থেকে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য হয়েছে । এমতাবস্থায় বিদ্যালয়ের ছাত্রদের পঠন-পাঠন ও সার্বিক মানোন্নয়ন বজায় রাখার লক্ষ্যে - পরিচালন সমিতি , শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষাকর্মী সকলের অনুরোধে ও সম্মতিক্রমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব পালন করে চলেছি । বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সার্বিক শিক্ষা বিকাশের লক্ষ্যে সুনামের সাথে এগিয়ে চলেছে ।
ধন্যবাদান্তে
পরিমল কান্তি বিশ্বাস
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
সুলতানপুর পি. এ. এম. হাই স্কুল