From the Head Of Institution Desk

নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লক - এর অধীনস্থ চন্দননগর গ্রামে চন্দননগর রাধা দামোদর পালটেকনিক ইনস্টিটিউট একটি শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান | পরাধীন দেশে 1921 খ্রিস্টাব্দে চূর্ণী নদীর উপকণ্ঠে এলাকার ভূমিপুত্র ঋষি কামাখ্যাচরণ নাগ - এর ঐকান্তিক উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানটি । এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো সঞ্চালিত করবার যে মহৎ উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু হয়েছিল, আজও সেই লক্ষ্য সামনে রেখেই অগ্রসর হয়ে চলেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন দিকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চন্দননগর আর. ডি. পি. ইনস্টিটিউট | বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরে তিনটি শাখাতেই পঠনপাঠন সম্পন্ন হচ্ছে | কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে সুষ্ঠুভাবে পাঠদান করা হয়ে থাকে | একদা কৃষিবিদ্যা শাখাটি বিদ্যালয়ে ছিল । নানান কারণে শাখাটি উঠে গেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পরীক্ষার ফল অতীব উত্তম | ক্রীড়াক্ষেত্রে বিদ্যালয়ের সুনাম ও গৌরব এখনো অক্ষুণ্‌ন আছে। বিদ্যালয়ের বিজ্ঞান ও ভূগোল বিষয়ের বীক্ষণাগার অতীব উত্তম | শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা আর একাগ্রতাকে পাথেয় করেই বিদ্যালয়ের সূচনা কাল থেকে বর্তমান কাল পর্যন্ত অতি উত্তম রূপে অগ্রসর হয়ে চলেছে | প্রতিষ্ঠাতা ঋষি কামাখ্যাচরণ নাগ - এর স্বপ্নকে সার্থক করতে বিদ্যালয়ের সকলের সমবেত সহযোগিতায় সম্পন্ন হচ্ছে নিরবচ্ছিন্ন কর্মধারা | বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্নেহধন্য শিষ্য স্বর্গীয় জোৎস্নাময় মজুমদার যিনি সুদীর্ঘ চল্লিশ বছর সময় ধরে সাফল্যের সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছেন, বিদ্যালয়ের খ্যাতি ও উন্নয়নে তাঁর সামগ্রিক অবদান এককথায় অসামান্য বললে কম বলা হয় | তিনি ছিলেন একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক | বিদ্যালয়ের নিজস্ব ক্রীড়াঙ্গন, সাইকেল গ্যারেজ, পানীয়জলের ব্যবস্থা, উন্মুক্ত শৌচালয়, পাঠাগার অর্থাৎ শিক্ষা সহায়ক সমস্ত ব্যবস্থা বর্তমান | বিদ্যালয়ের পারিপার্শ্বিক পরিবেশও মনোমুগ্ধকর ||