কৃষ্ণনগর উচ্চ-বিদ্যালয় (উঃ মা:)-এর SMS PORTAL এর WEBSITE আত্মপ্রকাশের সাথে সাথে বিদ্যালয়ের কর্মসংস্কৃতি তথা প্রযুক্তিভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হল, বাস্তবায়িত হল নতুন রূপে এগিয়ে চলার এক পথনির্দেশিকা । আজ থেকে 60 বছরের ও বেশী আগে সর্বজন শ্রদ্ধেয় শ্রী চন্ডীচরণ সাউ মহাশয়সহ এলাকার বহু বিশিষ্ট শিক্ষাব্রতী মানুষের কর্মোদ্দীপনায় যে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় (উঃ মা:)-এর পথ চলা শুরু সেই অগ্রগতির পথে নবতম সংযোজন – WEBSITE – এর অন্তর্ভুক্তি । এর মাধ্যমে বিদ্যালয়ের পঠন-পাঠন, খেলাধূলা, বিদ্যালয়ের মিড-ডে-মিল পরিচালনা, বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন সহপাঠ্যক্রমিক কর্মসূচী (Co-Curricular Activity ) সহ বিভিন্ন গঠনমূলক কর্মকান্ড সম্বন্ধে সম্যক ধারণা লাভ করা যাবে । বাড়ীতে বসেই ছাত্রছাত্রী তথা অভিভাবক-অভিভাবিকাবৃন্দ বিদ্যালয়ের কর্মপ্রণালী সংক্রান্ত যাবতীয় তথ্য School-Website এর Notice-Board – এর মাধ্যমে জানতে পারবে । আধুনিক কারিগরীবিদ্যার এ এক যুগান্তকারী পদক্ষেপ । “সৃষ্টি সুখের উল্লাসে” আজ তাই স্বাগত জানাই এই নবীন প্রয়াসকে ।
Website আত্মপ্রকাশের এই পূণ্যলগ্নে সশ্রদ্ধ প্রণাম জানাই সেই সব মহাত্মা দধিচীদের যাঁদের ত্যাগ-ধৈর্য-তিতিক্ষার অস্হি দিয়ে নির্মিত হয়েছে এই শিক্ষানিকেতন । বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগণ্য বিশিষ্ট শিক্ষাব্রতী ও ঋষিতুল্য ব্যাক্তিত্ব স্বর্গীয় চন্ডীচরণ সাউ মহাশয়কে আমার বিনম্র শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করি ।
জীবনের অপর নাম গতিশীলতা – শিক্ষা এই গতিময়তার মাপকাঠি । বরেণ্য ব্যক্তিবর্গের সেই উপলব্ধিকে সম্মান জানিয়ে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় এগিয়ে চলেছে তার সহজাত ছন্দে । 1957 সালের 16ই জানুয়ারী মাত্র 45 জন ছাত্রছাত্রী নিয়ে অনাড়ম্বরভাবে যে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল আজ তা 1500 –র বেশী ছাত্রছাত্রীসমৃদ্ধ এক বৃহৎ শিক্ষাঙ্গণে পরিগনিত হয়েছে । শুধু সংখ্যাধিক্যে নয়, বৈচিত্র ও গুণমাণে আজ কৃষ্ণনগর উচ্চ-বিদ্যালয় (উঃ মা:) বাঁকুড়া জেলার মধ্যে অন্যতম । বিদ্যালয়ের এই গুণগত রূপান্তরের নেপথ্যে একদিকে যেমন আছে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা নিরলস কর্মচঞ্চলতা অন্যদিকে তেমনি এলাকার বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা, সক্রিয় সহযোগিতা ও অনুপ্রেরণা বিদ্যালয়ের অগ্রগতির পথকে মসৃন করে তুলেছে । অর্ধশতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মত দায়িত্বপূর্ণ কাজে ব্রতী হয়ে নিজেকে ধন্য মনে করছি এবং সর্বস্তরের মানুষের অকৃপণ সহযোগিতা, উৎসাহ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্যালয়ের উৎকর্ষতা বৃদ্ধির নিরন্তর চেষ্টা করে চলেছি ।
শিশুদের শৈশবসত্তাকে ফুলে –ফলে বিকশিত করে একজন পরিপূর্ণ মানুষ করে তোলাই প্রকৃত শিক্ষা।বর্তমানে ভোগবাদী দুনিয়ায় সুসংহত, সুদৃঢ় ব্যক্তিত্ব ওমানবিক মূল্যবোধসম্পন্ন ছাত্রছাত্রী গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার । ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সহ বিভিন্ন আধুনিক বৈদ্যুতিন মাধ্যমের নাগপাশ থেকে উদ্ধার করে পড়ুয়াদের এক রুচিশীল পরিশীলিত সংস্কৃতিসম্পন্ন পরিবেশের নাগরিক তৈরী করা আমাদের মূল লক্ষ্য । সেখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দের ভাবাদর্শের আলোকে আলোকিত হবে তাদের মনন, সমৃদ্ধ হবে তাদের সাংস্কৃতিক চেতনা ।
পরিশেষে ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সদস্য, মাননীয় শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী, মাননীয় অভিভাবক-অভিভাবিকসহ এলাকার শুভানুধ্যায়ী শিক্ষানুরাগী হিতৈষীদের যাঁদের অকুন্ঠ সাহচর্যে বিদ্যালয় পরিচালনা কার্যটি হয়ে উঠেছে সুষ্ঠ এবং সর্বাঙ্গসুন্দর । পরম কারুণিক সকলকে সুখী করুন, সকলের মঙ্গল করুন - এই প্রার্থনা জানিয়ে ইতি টানছি -
“সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ।
সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিদ্ দুঃখ ভাগ্ ভবেৎ।।“
তাং - ২০.০৮.২০২০ অসিত কুমার ঘোষ
স্হান – হাটকৃষ্ণনগর প্রধান শিক্ষক ও সম্পাদক
কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়(উঃমাঃ)