Alumni

‘ প্রাক্তন ছাত্র সম্মিলন ’-এক অঙ্গীকারবদ্ধ সমাজ সেবা মূলক সংগঠন

“নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে।

যদি পণ  করে থাকিস  সে পণ তোমার রবেই রবে।

ওরে মন, হবেই হবে ।। ”

                                                                - শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর  ।

২০১৯ সালের ১৫ ই আগস্ট রাজাপুর দক্ষিণবাড়ি হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)-প্রাঙ্গনে পরিচালন সমিতির সম্মানীয় সদস্যগন,প্রধান শিক্ষক,সহ-শিক্ষকগণ ছাড়াও স্থানীয় শিক্ষানুরাগী এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালিত হয়।এই পবিত্র অনুষ্ঠান শেষে প্রায় সবাই ঘরে ফিরে যায়।কিন্তু কিছু ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গনে অপেক্ষারত দেখে সদ্য প্রয়াত বিদ্যালয় প্রধান শ্রদ্ধেয় শ্রী প্রভাত কুমার মন্ডল ওদের ডেকে পাঠান।ওরা আসে।সঙ্গে ছিলেন শিক্ষানুরাগী সদস্য শ্রী পরিতোষ রায়।কথা প্রসঙ্গে প্রধান শিক্ষককে তিনি জানান-‘প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ‘প্রাক্তন ছাত্র সম্মিলন’ বা ‘Alumni Association’ গঠন করতে চায়।পরিচালন সমিতির সভাপতি শ্রী কানাই লাল খোটেল মহাশয় সহ অন্যান্য সবাই এই সমাজ সেবা মূলক সংগঠনের পক্ষে সহমত পোষণ করেছেন।এখন শুধু আপনার রায় শুনতে চাই।’প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি হিসাবে হিমাংশু মাঝি,সুপ্রিয়া সাহা,সুরজিৎ বাগ,ভরত হাজরা,পুনম মাঝি,রতন ধাড়া এবং সুরজিৎ বাগ সহ অন্যান্য শিক্ষার্থীদের প্রস্তাব শুনে মাননীয় প্রধান শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন।তিনি জানান-এই উত্তম প্রস্তাবে তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।‘যে রাজাপুর-দক্ষিনবাড়ি-চকহরি-মহিষনালা-মহিষগোট-জাব্দাপোতা সহ বিস্তীর্ণ অঞ্চল অশিক্ষার গহন অন্ধকারে ডুবে ছিল সেই তমসা নাশ করতে এতদ অঞ্চলের মহানুভব শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের নিরলস তপস্যা ও আন্দোলনে ২০০৫ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।দীর্ঘ প্রায় পনেরো বছর পর প্রাক্তন ছাত্র সম্মিলন গঠনের ইচ্ছা প্রকাশে এই সত্য প্রমানিত হয় যে,তোমরা এই অঞ্চল ও বিদ্যালয়ের যোগ্য উত্তরসূরি।তোমাদের এই সংগঠন বিদ্যালয়ের সুস্থ পরিবেশ এবং পঠন পাঠনের পাশাপাশি সমিতি-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে সমন্বয় রেখে সামাজিক দায়বদ্ধতা দ্বারা অনুপ্রাণিত হয়ে সামগ্রিক মানোন্নয়নে বিশেষ ভুমিকা নেবে।প্রথম শিক্ষা বর্ষ ২০০৬ সাল থেকে শুরু করে সমস্ত প্রাক্তনীদের নিয়ে গঠন মূলক আলোচনার মধ্য দিয়ে সমন্বয় রক্ষার মাধ্যমে এই কাজ করতে হবে।তোমাদের এই অংশ গ্রহন হবে অনন্ত অন্ধকারের মাঝে জোনাকিদের মতো তিমির বিনাশী হয়ে জ্বলে ওঠা।এই বিশাল বটবৃক্ষ-স্বরূপ বিদ্যা মন্দিরকে রক্ষা করাই হবে তোমাদের একমাত্র সাধনা।এবং মনে প্রাণে বিশ্বাস করবে এই অমোঘ সত্য ‘এই বিদ্যালয়টি আমার / আমার সাধনার ক্ষেত্র / আমার দেবতা এখানে / আমার মুক্তি এখানেই।’

 

             পরে আলোচনা মোতাবেক ২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষকের পৌরোহিত্যে আনুষ্ঠানিকভাবে এই সংগঠন গঠিত হয়।এবং এ দিন থেকেই সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সদস্য গ্রহন প্রক্রিয়া শুরু হয়।ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জানানো হয় যে,এই ‘প্রাক্তন ছাত্র সম্মিলন’বা ‘Alumni Association’ সম্পূর্ণ ভাবে সমাজ সেবা মূলক সংগঠন হিসাবে আত্ম প্রকাশ করবে।বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক ও গঠন মূলক কাজে সমস্ত সদস্যগণ স্বেচ্ছায় অংশ গ্রহন করবে।আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী ভাই-বোনেদের যথা সাধ্য সাহায্য করা থেকে শুরু করে রক্তদান-বস্ত্র দান-বৃক্ষ রোপণ-সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশ সচেতনতা-বাল্য বিবাহ-শিশু শ্রম রোধ-স্কুল ছুট রুখতে এবং বিদ্যালয়ের সামগ্রিক মান-মর্যাদা-সুনাম অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারকারবদ্ধ হবে।এই বিদ্যাঙ্গনের সুস্থ পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে সদা জাগ্রত সৈনিকের মতো সমস্ত শিক্ষার্থী সতর্ক থাকবে।যা বিদ্যালয়ের সুনাম এবং গরিমা বৃদ্ধিতে সাহায্য করবে।

 

1. HIMANGSHU  MAJHI  (PRESIDENT )

2. BHARAT  HAZRA (SECRETARY )

3. SUROJIT  BAG

4. RATAN  DHARA

5. KALI PATRA