History

                                          বিদ্যালয় পরিচিতি

                    জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তন  হাবড়া এলাকার অন্যতম প্রাচীন স্কুল। জয়গাছি একটু বর্ধিষ্ণু গ্রাম।দেশ বিভাগের পর উদ্বাস্তুরা এসে এই এলাকায় একটি বসতি গড়ে তুলেছিল।আর সেই বসতি ক্রমশ ছড়িয়ে পড়লো জয়গাছি এবং পার্শ্ববর্তী এলাকায়। তখনই শিক্ষাপ্রেমী, সমাজসেবী কতিপয় সুধীজনের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হলো জয়গাছি গ্রামে একটি বিদ্যালয়। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য এবং সর্বজন শ্রদ্ধেয় পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বহস্তে এই বিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন। তাই তাঁর নামকে স্মরণ করে বিদ্যালয়ের নাম রাখা হয়েছিল 'জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তন'। বিদ্যালয়ের প্রতিষ্ঠা ১৯৫২ সালের ৪ ঠা জানুয়ারী।১৯৫৪ সালে বিদ্যালয়টি মধ্যশিক্ষা পর্ষদ এর অনুমোদন লাভ করে। এরপর কালের বিবর্তনের পথ ধরে বিদ্যালয়টি অগ্রগতির পথে এগিয়ে চলেছে। আর তারই চূড়ান্ত পরিণতি এসেছে ২০০৬-এ বিদ্যালয়টির উচ্চ-মাধ্যমিকে (১০+২) উন্নীত হওয়ার মধ্য দিয়ে।

                   উল্লেখযোগ্য যে, এই বিদ্যালয়ে যে সব ছাত্র-ছাত্রী পড়তে আসে,তারা জয়গাছি, গোহালবাটি, ফুলতলা, সালতিয়া, শ্রীপুর, শ্রীনগর, বাউগাছি প্রভৃতি গ্রাম থেকে। অর্থনৈতিক অনগ্রসরতা এদের জীবনের অভিশাপ।ফলে অন্যান্য স্কুলের অবশেষাংশ এবং দরিদ্র ছাত্র-ছাত্রী দের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আপ্রাণ প্রচেষ্টায় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার যে ফল আনেন, তা গৌরবোদ্দীপক না হলেও প্রশংসার্হ।