
কাপসীট উচ্চ বিদ্যালয় হুগলী জেলার আরামবাগ মহকুমার অন্যতম একটি বিখ্যাত বিদ্যালয় এবং অবশ্যই এটি একটি আদর্শ স্কুলের মডেল হিসাবে প্রতিনিধিত্ব করে। গৌরহাটি -১ গ্রাম- পঞ্চায়েতের অন্তর্গত কাপসীট গ্রামে প্রায় ১ একর জমির উপর বিদ্যালয়ের ক্যাম্পাসটি অবস্থিত। মূল বিদ্যালয় ভবনটি ত্রিতল বিশিষ্ট এবং ভবনটিতে সর্বমোট ত্রিশটি কক্ষ রয়েছে। ক্যাম্পাসের ভবনগুলিকে বিভিন্ন ব্লকে বিভক্ত করা হয়েছে। বিদ্যালয়ে প্রবেশের মূল ফটকটি ক্যাম্পাসের পূর্বদিকে অবস্থিত এবং সেখানে একজন দারোয়ান দ্বারা অননুমোদিত প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। ক্যাম্পাসের দক্ষিনদিকে ফাস্ট ফ্লোরের রাধাকৃষ্ণন ব্লকটি প্রধান শিক্ষক, অফিস ও স্টাফদের কক্ষ হিসাবে ব্যবহৃত হয়। ক্যাম্পাসের দক্ষিনেই একটি সাংস্কৃতিক মঞ্চ এবং মিড ডে মিল কক্ষ অবস্থিত। ক্যাম্পাসের উত্তর দিকে হরিপদ খাঁ ব্লকের গ্রাউন্ড ফ্লোরটি ছাত্র-ছাত্রীদের সাইকেল গ্যারাজ হিসেবে ব্যবহৃত হয়। এই ব্লকেরই ফাস্ট ফ্লোরে একটি সভাঘর আছে, যা বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। বিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের কক্ষগুলি ছাত্রদের এবং ফাস্ট ও সেকেন্ড ফ্লোরের কক্ষগুলি ছাত্রীদের শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হয়। বিদ্যালয়ের মধ্যস্থলে একটি প্রাঙ্গন আছে যা ছাত্র-ছাত্রীদের খেলাধূলার উদ্যান হিসাবে ব্যবহৃত হয়। এই প্রাঙ্গনটির চারিপাশ সবুজায়ন করে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।